সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যেই তেল সংগ্রহ করতে হবে। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া তেল সংগ্রহের সময় মোটরসাইকেল চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং হালনাগাদ ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে হেলমেট পরিধান নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।
অন্যদিকে প্লাস্টিকের বোতল, ড্রাম বা যেকোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে নতুন নিয়মের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নতুন এই ফুয়েল কার্ড ব্যবস্থাকে কেন্দ্র করে চালকদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।