খুলনার খবর।।ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় খুলনার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। একই সময়ে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে জেলার ৯টি উপজেলার ৪৫ জন সাংবাদিককে নিয়ে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাকরির ক্ষতি হলেও আমরা নিরপেক্ষ থাকব—এই মানসিকতা নিয়েই নির্বাচন পরিচালনা করছি।” তিনি জানান, খুলনায় যোগদানের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকলেও প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই সহনশীল পর্যায়ে এসেছে।নির্বাচন পরিচালনায় প্রশাসনের ওপর বিভিন্ন পর্যায় থেকে চাপ আসে উল্লেখ করে তিনি বলেন, “নিয়মের বাইরে একটি কাজও আমরা করিনি।” পরিবেশগত ছাড়পত্র না থাকায় কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না এবং অবৈধ যানবাহন ও বালু মহল নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
খুলনার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন পরিস্থিতিকে এখন পর্যন্ত ‘আইডিয়াল’ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রার্থীরা, এমনকি হেভিওয়েট প্রার্থীরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করছেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের অনিয়ম তুলে ধরার কারণেই অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তবে নির্বাচনকালীন সময়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশনকে সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে তিনি এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও তুলে ধরেন।
কর্মশালায় পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, সাংবাদিক ও শিক্ষক ইউল্যাবের নাজিয়া আফরিন মনামী, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।