খুলনা প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঘোষগাতী কেবল ঘাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩/৪ দিন আগের একটি সাধারণ বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর জখম হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।আহতরা হলেন ঘোষগাতী গ্রামের গনি গাজীর ছেলে ট্রলি চালক শামীম বয়স ২৮ বছর, মহেশ্বরপুর গ্রামের মান্নান শেখের ছেলে সজীব বয়স ২৬ বছর এবং ঘোষগাতী গ্রামের মৃত সালাহউদ্দিনের ছেলে নাসির বয়স ৪৫ বছর ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে শামীম ট্রলি চালিয়ে এবং সজীব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ পুনরায় বিবাদে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শামীম, সজীব ও নাসির শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে জখম হন।আহতদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, জখম গুরুতর হওয়ায় আহতদের অবস্থা বর্তমানে সংকটাপন্ন।ঘটনার বিষয়ে দিঘলিয়া থানার এসআই লিটন মন্ডল জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।