বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। পোস্টে তিনি লেখেন—
“প্রিয় মোরেলগঞ্জ ও শরণখোলাবাসী, ২৪-এর শহীদ, আহত ও সকল জুলাই যোদ্ধাদের সম্মানে ফ্যাসিস্ট ও তার দালালদের বয়কট করুন।”
এর আগে এক সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন দাবি করেন, নিজের ও নেতাকর্মীদের জীবনের নিরাপত্তাহীনতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, “আপনারা জানেন, কয়েকদিন ধরে আমাকে এবং আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশি নম্বর থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণায় বাগেরহাট-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।