মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে ডিবি (গোয়েন্দা) পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
তাকে যশোর নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা হেফাজতে নেন।আটক ইউসুফ আলী সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩১ মে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বার এ গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।
চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ইউসুফ আলী ডিবি পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।
মাইনুল হাসান আরও জানান, টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তি একটি মুঠোফোন নম্বর থেকে বারবার কল দিয়ে তাকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তিনি আগে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তি পুনরায় তাঁর চেম্বারে এলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় বাসিন্দারা ইউসুফ আলীকে আটক করেন।সংবাদ পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কবির ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।