মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকদের একাংশ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চলা এ বিক্ষোভে বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে বাসার কয়েকটি জানালার কাচ ভেঙে যায় বলে জানা গেছে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারীদের দাবি, আল মাদ্রাসাতুল শারইয়্যাহকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে তিনি আবারও মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
এ সময় এক নারী অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করা হলে তিনি আহত হন বলে দাবি করেন স্থানীয়রা।এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। তারা বিক্ষোভ করেন এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে যশোর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা। তিনি বলেন, তাঁদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসাকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল।
সেই বিরোধের জের ধরেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ঘটনাকে কেন্দ্র করে নীলগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।