মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।প্রতিমন্ত্রী বলেন,শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। যত বেশি গাছ লাগানো ও সংরক্ষণ করা যাবে, ততই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক আন্দোলনে পরিণত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছেন।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।