মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় শহরের রথখোলা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা শুরু হয়। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। এ বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।
হিন্দু শাস্ত্র মতে, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। এই উৎসবের ঠিক এক সপ্তাহ পরে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘উল্টো রথযাত্রা উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
রথযাত্রা উৎসবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রথখোলাস্হ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অচিন্ত্য মজুমদার বুদ্ধ, সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক নির্মল পোদ্দার কালু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।