কয়রা (খুলনা) প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলা সদরের গোবরা এলাকার এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে পিচ ঢালাইয়ের মাত্র পাঁচ দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে যাচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কিলোমিটার সড়কের মাত্র এক-চতুর্থাংশ অংশে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে কাজ শেষ হওয়ার তিন দিনের মাথা থেকেই পিচ উঠে যেতে শুরু করেছে। অনেক স্থানে হাত দিয়েই পিচ ও খোয়া তুলে ফেলা যাচ্ছে। হালকা যানবাহনের চলাচলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নির্মিত সড়কটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা এন্টারপ্রাইজ ৬৭ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজের দায়িত্ব পায়। ২০২৩ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি একাধিকবার ঠিকাদারকে জানানো হলেও তিনি অভিযোগ আমলে না নিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করেন। ফলে নতুন সড়কের স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন দেখা দেয়।
এলাকাবাসীর দাবি, নির্মাণকাজ চলাকালে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বি.এম. তারিক উজ জামান সড়কের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কাজ পুনরায় শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই সড়কের পিচ উঠে যেতে থাকায় অনিয়মের অভিযোগ আরও জোরালো হয়েছে।
স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় মানসম্মতভাবে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সড়কটি পরিদর্শনের জন্য উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।