এস.এম.শামীম,দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলার মমিনপুর এলাকায় আঁতাই নদীর তীব্র ভাঙনে স্থানীয় প্রধান সড়ক, শত শত মাছের ঘের এবং অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কসহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীর পাড় ধসে পড়ছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা জানান, সড়কটি ভেঙে গেলে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
একই সঙ্গে শত শত মাছের ঘের ও বহু বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগীরা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে নদী তীর সংরক্ষণে ব্লক ফেলা বা টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হবে এবং এলাকার মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।